নাসিক সিইও জাকির হোসেনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও মো. জাকির হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কর্মীদের আন্দোলন

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাকির হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন সিটি কর্পোরেশনের যানজট নিরসনকর্মীরা ও ওয়ার্ডবাসী। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কয়েকশ কর্মী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে এই দাবি জানান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের আন্দোলন স্থগিত করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। পরে আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনে এসে সিইও’র সঙ্গে দেখা করেন।

এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে সিইও মো. জাকির হোসেন বলেন, “তোমাদের এই ভালোবাসা আমি কখনোই ভুলব না। এটা আমার জীবনের এক অনন্য প্রাপ্তি। তবে আমরা সরকারি কর্মকর্তা—আমাদের নিয়মের মধ্যেই চলতে হয়। চাকরি জীবনে বদলি একটি নিয়মিত প্রক্রিয়া, সেটিকে মেনে নিতেই হবে।”

তিনি আরও বলেন, “আমাদের সবার উচিত দায়িত্ব ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তোমরা সবাই কাজে ফিরে যাও—এটাই হবে আমার প্রতি তোমাদের দেখানো প্রকৃত ভালোবাসা।”

আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্রাট হোসেন বলেন, “সিইও মো. জাকির হোসেন একজন জনবান্ধব ও মানবিক কর্মকর্তা। ২৭টি ওয়ার্ডের যেকোনো মানুষ যেকোনো সময়ে তার কাছে সমস্যা নিয়ে গেলে তিনি তা সমাধানের আশ্বাস দেন। তিনি নাগরিকদের পাশে থেকেছেন ছায়ার মতো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যখন হামলা হয়েছিল, তখনও তিনি আমাদের নিরাপদে রেখেছিলেন। আমরা চাই, সরকার তার বদলির আদেশ পুনর্বিবেচনা করুক। তিনি যেখানেই কাজ করুন, কাজ করবেনই—কিন্তু নারায়ণগঞ্জেই করলে ক্ষতি কোথায়?”

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ওয়ার্ডবাসী জানান, সিইও’র কর্মকাণ্ডে তারা অত্যন্ত সন্তুষ্ট এবং চান তিনি নারায়ণগঞ্জেই থেকে নাগরিক সেবা অব্যাহত রাখুন।

আন্দোলনে অংশ নেওয়া আয়শা নামের এক কর্মী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে দাবি জানাতে জড়ো হয়েছিলাম। কিন্তু স্যারের (সিইও’র) অনুরোধে আমরা আন্দোলন স্থগিত করে ফিরে এসেছি।”

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব হিসেবে বদলি করা হয়েছে। অন্তবর্তী সরকারের প্রতি নারায়ণগঞ্জবাসীর আবেদন—আবেগ নয়, বিবেকের ভিত্তিতে শহরের উন্নয়ন চিন্তা করে সিইও মো. জাকির হোসেনকে বর্তমান পদে বহাল রাখা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *