আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনে প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটির প্রধান আরব রাজনৈতিক দল ‘জয়েন্ট লিস্ট’। দলটির নেতা ও চেয়ারম্যান ইউসেফ জাবারিন বলেছেন, নেতানিয়াহুর সরকারের পরিবর্তে বিকল্প সরকার গঠনে ইহুদি ও আরব দলগুলোর মধ্যে কার্যকর জোট প্রয়োজন।
জাবারিন বলেন, “নেতানিয়াহুর রক্তপাতের সরকারকে হটাতে আমি একটি সত্যিকারের ইহুদি-আরব জোটের আহ্বান জানাচ্ছি। যারা বিকল্প সরকার গঠন করতে চাইবে, তাদের জয়েন্ট লিস্টের কাছে আসতে হবে।”
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি। আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট পেয়েছে তৃতীয় সর্বোচ্চ আসন।
নেতানিয়াহুবিরোধী ইহুদি দলগুলো নির্বাচনের আগে ‘চেঞ্জ ব্লক’ নামে একটি জোট গঠন করে। এ জোটের নেতৃত্বে রয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোত। তবে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্য দলগুলোর সঙ্গে একমত হলেও আরব দলগুলোর সঙ্গে জোট গঠন করবেন না বলে আগে জানিয়েছিলেন আইজেনকোত।
এদিকে, ‘চেঞ্জ ব্লক’-এর অন্তর্ভুক্ত ডেমোক্র্যাট পার্টি আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। দলটির মতে, নেতানিয়াহুর সরকার পরিবর্তনের জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এ সুযোগ কাজে লাগাতে ইহুদি ও আরব দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন রয়েছে ১২০টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট ৫৪টি, আইজেনকোতের নেতৃত্বাধীন জোট ৪৯টি এবং আরব দলগুলো ১৭টি আসন পেতে যাচ্ছে। এই হিসাব অনুযায়ী, প্রধান দুই জোটের কোনোটিই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
এ পরিস্থিতিতে সরকার গঠনের আলোচনা ও সমঝোতায় আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধী দলগুলো আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইসরায়েলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হতে পারে এবং নতুন করে নির্বাচনের সম্ভাবনাও দেখা দিতে পারে।