পড়াশোনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, তবেই নেতৃত্ব হবে দেশ গড়ার হাতিয়ার’ : গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

মোঃআনজার শাহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভের নেতৃত্বে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে ছাত্রনেতাদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানান মন্ত্রী। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষিত, সৎ ও দেশপ্রেমিক তরুণরাই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রধান শক্তি।

এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “ছাত্রজীবনের সবচেয়ে বড় দায়িত্ব হলো পড়াশোনা। নেতৃত্ব তখনই অর্থবহ হয়, যখন তা জ্ঞান, সততা, শৃঙ্খলা ও নৈতিকতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। নিজেদের শিক্ষাজীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, কারণ মেধাবী ও শিক্ষিত নেতৃত্বই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নিজেদের ক্যারিয়ার গড়বে না, তারা দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদের আদর্শ হৃদয়ে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সমাজে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ ছড়িয়ে দিতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক পরিচয়ের চেয়ে একজন আদর্শবান, শিক্ষিত ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হবে সবচেয়ে বড় অর্জন। এমন নেতৃত্বই দেশকে দুর্নীতি, বৈষম্য ও অবক্ষয়মুক্ত উন্নয়নের পথে এগিয়ে নিতে সক্ষম।”

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পাসে ইতিবাচক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করবে এবং দেশ ও জাতির কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখবে।
সাক্ষাৎ শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দিকনির্দেশনা অনুসরণ করে শিক্ষাবান্ধব, ইতিবাচক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *