পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা এলাকার আমান মেলা চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে জানা গেছে, ডেরা ইসমাইল খান–কোয়েটা সড়কের আমান মেলা এলাকায় পুলিশের তল্লাশি চৌকিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলটি খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

হামলায় নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য, শুল্ক বিভাগের কর্মী এবং বেসামরিক নাগরিকও রয়েছেন।

বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ধরন ও হামলায় ব্যবহৃত বিস্ফোরকের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের পাঠানো হয়েছে।

এদিকে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

ডেরা ইসমাইল খান ও এর আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে চলতি মাসেও দারাবান এলাকায় একটি পুলিশ চেকপোস্টে হামলার চেষ্টা প্রতিহত করার কথা জানিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ।

নতুন এই হামলার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হামলার বিস্তারিত কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *