পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল ভারতীয় বাহিনী

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে বাধা দেয়। বিজিবির কড়া অবস্থানের মুখে শেষ পর্যন্ত খুঁটি স্থাপনের কাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্তের মেইন পিলার ৮৪৫/১-এস এবং ৮৪৫/২-এস-এর মধ্যবর্তী অংশে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শূন্যরেখা থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় আগে স্থাপিত বাঁশের খুঁটি অপসারণ করে সেখানে নতুন করে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করেন ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্যরা এবং কয়েকজন স্থানীয় ভারতীয় নাগরিক।

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিমেন্টের খুঁটি স্থাপনের কার্যক্রমে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সেখান থেকে সরে যায়।

ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক সীমান্তের বিদ্যমান অবস্থান অক্ষুণ্ন রাখতে তারা সবসময় সতর্ক রয়েছে এবং সীমান্তে যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *