নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুরানা পল্টনের ৭১ নম্বরে অবস্থিত সেবা কেন্দ্রটির উদ্বোধন করা হয়। নাগরিকদের দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
নতুন এ সেবা কেন্দ্র থেকে নাগরিকেরা সম্পূর্ণ বিনামূল্যে নামজারির আবেদন দাখিল, কোর্ট ফি ও ডিসিআর ফি প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং মৌজা ম্যাপের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
এ ছাড়া ‘ভূমি’ মোবাইল অ্যাপসহ অন্যান্য অনুমোদিত অনলাইন ও স্বয়ংক্রিয় ভূমিসেবা গ্রহণেও সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ভূমিসংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ দেওয়া হবে কেন্দ্রটি থেকে।
ভূমি মন্ত্রণালয় আশা করছে, নতুন এ সেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।