খসরু মৃধা :
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ স্নিগ্ধা হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মেহেদী হাসান মারুফকে এখনো গ্রেফতার করতে না পারায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) স্বামী মেহেদী হাসান মারুফ তার স্ত্রী স্নিগ্ধাকে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর নিহতের নানার বাড়ির সংলগ্ন মাঠে শোকাবহ পরিবেশে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, ঘটনার পর দুই দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান অভিযুক্ত স্বামী মেহেদী হাসান মারুফকে গ্রেফতার করতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। নিহতের শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী দ্রুত মেহেদী হাসান মারুফসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।