জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইলে অজ্ঞাত একটি গাড়ির চাপায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছরের মেয়ে ইয়ামনি নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা সিটি বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুজুকা বেগম শেরপুর জেলার শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের মনির হোসেনের স্ত্রী। তাঁর মেয়ে ইয়ামনি। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের সালনা বাজার এলাকায় মোস্তফা মিয়ার আবাসিক কলোনিতে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে মা-মেয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এতে দুজনই গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে থাকেন।
পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সাড়ে তিন বছরের মেয়ে ইয়ামনিও মারা যায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত এবং চালককে আটক করতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।