Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
পূর্বাচলের নিরাপত্তায় নতুন দিগন্ত: ৪ থানা ও ৪১ পুলিশ বক্সসহ ব্যাপক পরিকল্পনা আইজিপির - দৈনিক স্বাধীন সংবাদ

পূর্বাচলের নিরাপত্তায় নতুন দিগন্ত: ৪ থানা ও ৪১ পুলিশ বক্সসহ ব্যাপক পরিকল্পনা আইজিপির

নুরুজ্জামান সাউদ:

রূপগঞ্জ ও এর পার্শ্ববর্তী পূর্বাচল নতুন শহর প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এখন থেকে পূর্বাচল এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

বুধবার (১ জুলাই) দুপুরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ৪৪ নম্বর প্লটে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এসব কথা বলেন।

আইজিপি বলেন, “পূর্বাচলকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুকূলে ইতোমধ্যে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক একটি বিভাগ গঠন করা হবে। সেখানে প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল নিয়োগের পরিকল্পনাও আমাদের রয়েছে।”

তিনি আরও বলেন, “নতুন এই নগরী ডিএমপি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে। আগামী দুই মাসের মধ্যেই নির্মাণাধীন ‘পশি পুলিশ ক্যাম্প’-এর কার্যক্রমও চালু করা হবে। এই অবকাঠামো গড়ে উঠলে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সেবা প্রদান সহজতর হবে, যা এই নতুন শহরের টেকসই নগরায়ণ ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইজিপি প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *