জ্যেষ্ঠ প্রতিবেদক ::
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সব ধরনের প্রাতিষ্ঠানিক ও অন্যান্য প্লট বরাদ্দগ্রহীতাদের পানির সংযোগ প্রদান শুরু করেছে। গত ১ জুলাই থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শীলাব্রত কর্মকার জানান, পূর্বাচল নতুন শহর এলাকার সব ধরনের প্লট বরাদ্দগ্রহীতাদের জন্য একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় উন্নত মানের পানি সরবরাহ নিশ্চিত করতে রাজউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপের আওতায় গ্রাহকদের আবেদনের ভিত্তিতে ইতোমধ্যে পূর্বাচল নতুন শহরের ১, ২, ৩ ও ৪ নম্বর সেক্টরের (আংশিক) প্লটে পানির সংযোগ দেওয়া হচ্ছে।
দ্বিতীয় ধাপে পূর্বাচল নতুন শহরের ৪, ৫, ৬ (আংশিক), ৭, ৮ (আংশিক), ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ (আংশিক), ১৬ (আংশিক), ১৮ (আংশিক) এবং ২০ (আংশিক) নম্বর সেক্টরে পানির সংযোগ প্রদান করা হবে।
রাজউক জানিয়েছে, পর্যায়ক্রমে পূর্বাচল নতুন শহর প্রকল্পের বাকি সেক্টরগুলোতেও পানির সংযোগ ও সরবরাহ নিশ্চিত করা হবে।