আবুল মাছুম:
টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা বন্যার পানিতে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকাসহ একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আকস্মিক জলাবদ্ধতায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ ২ নম্বর ওয়ার্ডে বৃষ্টির পানি ও বন্যার ঢলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রশিদাবাদ দক্ষিণ বিল এবং আবদুল মোতালেব চৌধুরী জামে মসজিদ সড়কসহ আশপাশের এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।
শুধু রশিদাবাদ নয়, একই ইউনিয়নের শোভনদণ্ডী, হাতিয়ারঘোনা, হিলিচিয়া, কুরাঙ্গিরি, লাওয়ারখীল ও আশাতা গ্রামও বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কৃষিজমি, পুকুর ও নিম্নাঞ্চল সম্পূর্ণ পানিতে ডুবে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে স্বজনদের বাড়ি কিংবা উঁচু স্থানে সরে যেতে বাধ্য হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় অনেকেই সময়মতো প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেননি। ফলে ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও গৃহপালিত পশুপাখি নিয়ে তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। এছাড়া সড়ক পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি সেবাগ্রহীতাদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তা এবং বন্যা-পরবর্তী পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।