প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া

 

নিজস্ব প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন ২০২৬) সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম মোঃ সিয়াম শেখ (১৯)। তিনি দক্ষিণ যোগানিয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ বাবুল শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিয়ামের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে সৃষ্ট মানসিক বিষণ্নতার জেরে সিয়াম আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *