প্রেমিকার পোস্ট করা ভিডিওতে বিপাকে মাউরো ইকার্দি

স্পোর্টস ডেস্ক:

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার মাউরো ইকার্দি। দেশটির বুয়েনস এইরেস পরিবহন কর্তৃপক্ষ ইকার্দির গাড়ি চালানোর ওপর ২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে। সে সময় তার বয়স হবে ১০৫ বছর।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও কাদেনা এসইআরের প্রতিবেদনে বলা হয়েছে, চায়না সুয়ারেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে চলন্ত গাড়িতে তাকে সিটবেল্ট ছাড়া জানালা দিয়ে শরীরের বেশিরভাগ অংশ বের করে থাকতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে নামে কর্তৃপক্ষ। তদন্তের সময় জানা যায়, গাড়িটির চালকের আসনে থাকা মাউরো ইকার্দির আর্জেন্টিনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে।

বুয়েনস এইরেসের পরিবহন মন্ত্রণালয় জানায়, ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানোর উপযুক্ততা যাচাইয়ের জন্য তাকে মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে।

তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন ইকার্দি। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের দাবি, তার বৈধ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।

এদিকে, গত মৌসুমে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে ইকার্দির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর এখন পর্যন্ত কোনো ক্লাব তার প্রতি আগ্রহ দেখায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *