মোহাম্মদ জামাল উদ্দিন:
সাংবাদিক ও গণমাধ্যমের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপতথ্যের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবী সমাজের কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ফটিকছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফটিকছড়ি উপজেলার জহুরুল হক হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গণমাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের গুরুত্ব, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য শনাক্তকরণ এবং এর বিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা হলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই সংবাদ প্রকাশ ও তথ্য প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।