মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ, র্যাব ও ডিবির যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন অভিযোগে আরও ৭ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে ১৩ জুন ২০২৬ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌ বাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— নিজাম উদ্দিন (৩৪), গনেশ রাজবংশী (৪৭), জুবায়ের হোসেন আকাশ (২৪), সজিব (২৩), মামুন (২৬), নুর আলম বাবু (৪০), মো. নাসিম (৩০), সামাদ (২৭) এবং মো. টুটুল (৩৯)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিজাম উদ্দিনের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া গনেশ রাজবংশীর কাছ থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, পিসিপিআর যাচাইয়ে গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, বাকি আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।