ফতুল্লার মাহমুদপুরে অবৈধ পলিথিন কারখানার দৌরাত্ম্য, পরিবেশ ধ্বংসের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর ভুইঘর মাহমুদপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে পরিবেশ ধ্বংস করে চলছে একটি বৃহদাকার অবৈধ পলিথিন কারখানা। স্থানীয়দের অভিযোগ, ‘নিলয়’ নামে পরিচিত এই কারখানাটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই উৎপাদন কার্যক্রম চালাচ্ছে। শাহজাল কার সেন্টারের ঠিক পাশেই অবস্থিত হওয়ায় এলাকাবাসীর চলাচল ও স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার ভেতর পুরোনো ও নষ্ট পলিথিন গলিয়ে নতুন পলিথিন তৈরি করা হচ্ছে। কারখানার চিমনি থেকে ঘন কালো ধোঁয়া নির্গত হয়ে চারপাশের বাতাস দূষিত করছে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দুর্গন্ধে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, চোখ জ্বালা, ত্বকের সমস্যা বাড়ছে বলে দাবি স্থানীয়দের। রাতে কারখানাটি আরও বেশি গতিতে চালানো হয়, যাতে প্রশাসনের নজরে না পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার প্রতিবাদ ও অভিযোগ করলেও কারখানাটি বন্ধ হয়নি। এলাকাবাসীর একাধিক অভিযোগ—কারখানার মালিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় কেউ এর বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। পলিথিন উৎপাদন পরিবেশ আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এখানে কোনো নিয়ম–নীতি মানা হচ্ছে না।

মাহমুদপুরের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এই কারখানা থেকে বের হওয়া ধোঁয়ায় এলাকায় থাকা দায়। বাচ্চাদের অসুস্থতা বেড়ে গেছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।”

পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয়দের দাবি, নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা ছাড়া এই ধরনের অবৈধ কারখানা থামানো সম্ভব নয়।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, কারখানাটি বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তাদের মতে, অবৈধ পলিথিন উৎপাদন শুধু পরিবেশ নয়, মানুষের প্রাণের জন্যও হুমকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *