ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ফরিদপুর ব্যুরো :

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৪ মে) সকালে উপজেলার শংকরপাশা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের বাবা আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২২) নিহত হন। তিনি মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, শংকরপাশা এলাকায় ফরিদপুরগামী বিআরটিসি বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *