বড়লেখায় সংরক্ষিত বনে অবৈধ পানের জুম, নীরব বন বিভাগ

জালালুর রহমান:

মৌলভীবাজার জেলার বড়লেখা রেঞ্জের সমনবাগ বনবিটের অন্তর্গত মাঝরছড়া এলাকায় সংরক্ষিত বনভূমির উভয় পাশে অবৈধভাবে পানের জুম (বরজ) গড়ে তোলার অভিযোগ উঠেছে। একইভাবে মোকামছড়ার দুই পাশেও আরও তিনটি পানের জুম তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, ছড়ার দুই পাশের বনভূমি পরিষ্কার করে সেখানে পানের বরজ স্থাপন করা হয়েছে। বাঁশ, কাঠ ও ঝোপঝাড় উজাড় করার ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রম সংরক্ষিত বনাঞ্চলের ভেতরেই পরিচালিত হচ্ছে।

জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা পুঞ্জির খাসিয়া সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি বনভূমি দখল করে এসব পানের জুম গড়ে তুলেছেন। এলবিনটিলা গ্রামের আলবার্ট গাবিলের ছেলে লোনার খংলা (৪৬)-এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবৈধভাবে পানের জুম তৈরির ফলে বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষতি, মাটির ক্ষয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অপরদিকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় সামাজিক বনায়নের এলাকায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে বড়লেখা রেঞ্জের সমনবাগ বিট কর্মকর্তা রায়হান ইসলাম এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, “এসিএফ সাহেবকে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বড়লেখা রেঞ্জ কর্মকর্তা নীলোৎপল সরকার বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখব। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *