বন্দর উপজেলার মদনপুরে দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

মোহাম্মদ হোসেন হ্যাপী: 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ও আশপাশের এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশা। অভিযানে বাংলাদেশ পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কেওঢালা ও মদনপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। এসব ভাটার কারণে আশপাশের এলাকায় বায়ুদূষণ বৃদ্ধি, কৃষিজমির ক্ষয়ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে—এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী দুইটি ইটভাটাকে দোষী সাব্যস্ত করে জরিমানা আরোপ করা হয়। আইন অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন বা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে নির্ধারিত পরিবেশগত শর্ত লঙ্ঘন করলে জরিমানা ও ভাটা বন্ধের বিধান রয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—মেসার্স সোনারগাঁ টাটা ব্রিকস এবং মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্স। প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ আদালতে প্রসিকিউশন প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা, অবৈধ স্থাপনা এবং দূষণকারী কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *