বিনোদন ডেস্ক:
ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’-এর পর আবারও এক হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন এই চলচ্চিত্রের নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’—এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও সিনেমাটির নাম, কাস্টিং ও মুক্তির তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
জানা গেছে, নতুন এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। তবে তাঁর বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৭ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য করেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন প্রকল্পের আভাস দেন শাকিব খান। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমি। ছবির ক্যাপশনে শাকিব লেখেন, “‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।” এরপর থেকেই নতুন সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ‘বরবাদ’-এর মতো নতুন সিনেমাটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। এর আগে প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিন সুলতানা সুমি জানিয়েছিলেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন ছবির ঘোষণা দেওয়া হবে। এরপরই শুরু হবে শুটিংয়ের কাজ।
উল্লেখ্য, গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছিল ঢালিউডের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা। শাকিব খান এবং কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ছবিটি দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। নির্মাতাদের দাবি অনুযায়ী, সিনেমাটি দেশ-বিদেশ মিলিয়ে ৭৫ কোটিরও বেশি টাকা আয় করেছে।
‘বরবাদ’-এর সাফল্যের ধারাবাহিকতায় শাকিব-হৃদয় জুটির নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এখন ভক্তদের অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা, নায়িকা নির্বাচন এবং সিনেমাটির শুটিং শুরুর খবরের।