মোঃ আনজার শাহ
শিরোপার স্বপ্ন নিয়ে সবুজ গালিচায় চূড়ান্ত লড়াইয়ের ক্ষণ গুনছে বরুড়া। উৎসবমুখর পরিবেশে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন আয়োজিত আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর, শুক্রবার । বিকেল ৩টায় বরুড়ার ঐতিহ্যবাহী কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আদর্শ সদর উপজেলা ও চান্দিনা উপজেলা দল।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।
এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশনের দল অংশ নেয়। শুরু থেকেই মাঠজুড়ে ছিল খেলোয়াড়দের নৈপুণ্য, দলগুলোর প্রাণপণ লড়াই আর দর্শকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পথ পেরিয়ে অবশেষে শিরোপার চূড়ান্ত মঞ্চে জায়গা করে নিয়েছে আদর্শ সদর ও চান্দিনা উপজেলা।
গত ২৩ সেপ্টেম্বর তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই ম্যাচে মুখোমুখি হয় বরুড়া ও নাঙ্গলকোট উপজেলা।
টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, চারটি গ্রুপে বিভক্ত দলগুলোকে নিয়ে গ্রুপ পর্বে মোট ৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১১ অক্টোবর শেষ ম্যাচের মধ্য দিয়ে প্রাথমিক পর্বের পর্দা নামে। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের কঠিন বাধা পেরিয়ে ফাইনালে ওঠে দুই প্রতিদ্বন্দ্বী দল। তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠ, বরুড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠ এবং পয়ালগাছা উচ্চ বিদ্যালয় মাঠ এই তিন ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজকরা রেখেছেন একাধিক ব্যক্তিগত পুরস্কার। এর মধ্যে বিশেষ আকর্ষণ গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস। যথাক্রমে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ এসব পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের জন্য থাকছে আরও আকর্ষণীয় উপহার ও পুরস্কার।
আয়োজকদের প্রত্যাশা, মেগা ফাইনালকে ঘিরে বরুড়াসহ কুমিল্লার ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৃষ্টি হবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফুটবলের সৌন্দর্য, সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক চেতনায় মুখর হয়ে উঠবে তলাগ্রামের মাঠ।
সংশ্লিষ্টদের মতে, একই সঙ্গে এ আয়োজন প্রয়াত এ কে এম আবু তাহেরের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ, তরুণ প্রতিভার অন্বেষণ এবং ক্রীড়াঙ্গনে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।