বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা

মোঃ আনজার শাহ

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতা, চুরির মামলায় একজন এবং নিয়মিত মামলায় আরেকজন রয়েছেন। পরে গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বরুড়া থানা পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন,৯ নম্বর শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন (৪০) এবং ৭ নম্বর ভাউকসার ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম (৪৪)।

সন্ত্রাসবিরোধী মামলায় দুই নেতা গ্রেপ্তার:
পুলিশের তথ্যমতে, মো. জাবেদ হোসেন শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকুসার গ্রামের জাবেদ মেম্বার বাড়ির বাসিন্দা। তিনি আলী আক্কাস ও মনোয়ারা বেগমের ছেলে।
একই মামলায় গ্রেপ্তার মো. শাহ আলম ভাউকসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাউকসার গ্রামের পোদ্দার বাড়ির বাসিন্দা। তিনি মো. রফিকুল ইসলাম ও সুফিয়া বেগমের ছেলে।
তবে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কী অভিযোগ রয়েছে, তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানায়নি পুলিশ।

চুরির মামলায় আরও একজন:
এ ছাড়া চুরির মামলায় মো. দুলাল মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রামের বেপারী বাড়ির মৃত আব্দুল আউয়াল ও উট্টানি বিবির ছেলে।
অন্যদিকে, একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাজ্জাদুর রহমান ওরফে মিয়া শাওনকে (২৭)। তিনি বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মো. সামছুল আলম এবং মা সোহেলা আক্তার।

অভিযান অব্যাহত থাকবে:
বরুড়া থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালতে অভিযোগের বিচার না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে প্রমাণিত হিসেবে গণ্য করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *