বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর এলাকায় এক ব্যক্তিকে হত্যাচেষ্টা, তাঁর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন সুমন বাদী হয়ে বরুড়া থানায় ছয়জনের নামোল্লেখসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বাদীর বসতবাড়ির সামনে মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালানো হয়। ঘটনাস্থলে থাকা স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে অভিযুক্তরা হুমকি দিয়ে সটকে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, এর জেরে ২ জুলাই দুপুরে বাদী কর্মস্থলে যাওয়ার পথে ফের তাঁর মোটরসাইকেলের পথ রোধ করার চেষ্টা করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে ধাওয়া করা হয়। প্রাণভয়ে বাদী ভিন্ন পথে বাড়িতে ফিরলে অভিযুক্তরা দলবল নিয়ে তাঁর বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে ঘর ভাঙচুর করা হয় এবং বাধা দিতে গেলে বাদীর পরিবারের নারী সদস্যরা শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘরে থাকা প্রায় সোয়া লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয় এবং ভাঙচুরে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাদীর দাবি। ঘটনার সময় আহত এক নারীকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ ছাড়া বিচার প্রার্থী হলে অপহরণ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে জানানো হয়েছে।
বাদীর অভিযোগ, অভিযুক্তরা এলাকায় মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত এবং তাঁদের একজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা চলছে। অভিযোগটি খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।