বরুড়া পৌরসভার ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা, আগের বছরের তুলনায় বরাদ্দ প্রায় তিন গুণ

 

মো. আনজার শাহ

কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭১ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৭২৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবার বরাদ্দ বেড়েছে প্রায় তিন গুণ, যা পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১২টায় বরুড়া পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ২৭ কোটি ৬২ লাখ ৯ হাজার ৯১৯ টাকা। সেই তুলনায় নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই বাজেট বাস্তবায়িত হলে পৌর এলাকার সড়ক, ড্রেনেজ, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা, আলোকায়ন এবং অন্যান্য নাগরিক সেবামূলক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক আসাদুজ্জামান রনি। এ সময় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান বাজেটের সারসংক্ষেপ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মহসিনুর রহমান খান।

এ সময় বরুড়া বাজার কমিটির অর্থ সম্পাদক মাহবুবুর রহমানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, বর্ধিত এ বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বরুড়া পৌরসভায় অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলার উদ্যোগ আরও বেগবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *