বাংলাদেশকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পুরস্কার চান স্যামি

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ পরিস্থিতিতে সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে আর্থিক সংকট কাটিয়ে ওঠার পথ তৈরি করতে চান ক্যারিবীয় দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ভালো করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অবস্থান উন্নত করার পাশাপাশি বাড়তি আর্থিক প্রণোদনা পাওয়ার লক্ষ্য তাঁর দলের।

সম্প্রতি ভারত সফরে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দল। ভারত সফর শেষে সরাসরি বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। এবার লাল বলের ক্রিকেটেও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান স্যামি।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সোমবার স্যামি বলেন, খেলোয়াড়দের প্রতি তাঁর বার্তা হলো, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচে থাকতে পারলে বাড়তি প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। আইসিসি এই প্রতিযোগিতায় আর্থিক পুরস্কারের জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রেখেছে। আগের দুই চক্রে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে এবার আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে।

স্যামি বলেন, মাঠে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের অবস্থান উন্নত করাই খেলোয়াড়দের প্রতি তাঁর চ্যালেঞ্জ। এতে বোর্ডের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা বাড়বে এবং স্পনসর আকৃষ্ট করাও সহজ হবে। ভারতের বিপক্ষে সাদা বলের দল ভালো করেছে। বাংলাদেশে টেস্ট দলও একই ধরনের পারফরম্যান্স দেখাবে বলে আশা করছেন তিনি।

ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর প্রসঙ্গে স্যামি বলেন, ভারত সিরিজে বেতন কমানোর খবর জানানোর পর খেলোয়াড়েরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মাঠে পারফরম্যান্স করেছেন, তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ঘুরে দাঁড়াতে সহায়তা করার ক্ষেত্রে তাঁদের দৃঢ়তা, আবেগ ও আন্তরিকতার প্রমাণ।

তিনি আরও বলেন, পেশাদার খেলোয়াড় কিংবা ক্রিকেট বোর্ড—সবারই নিজেদের বাস্তব অবস্থান বুঝতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আর্থিক পরিস্থিতি সম্পর্কে কারও অজানা নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের পারফরম্যান্স সম্পর্কে স্যামি বলেন, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তবে তাঁর দলও এ বছর ভালো খেলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করার সময় নিজেদের অবস্থান নিয়ে তাঁরা বাস্তববাদী ছিলেন এবং এখন প্রত্যাশিত জায়গাতেই রয়েছেন বলে মনে করেন তিনি।

আগামী দুই টেস্টকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। ২০২৫ সালে যে লক্ষ্য নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভালো ফল করে সেই লক্ষ্য পূরণের মধ্য দিয়ে চক্র শেষ করতে চান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *