বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ভূস্বর্গ, বিশ্বে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে: কাদের গনি চৌধুরী

মোঃ আনজার শাহ :-

বাংলাদেশ সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক সম্প্রীতির এক ভূস্বর্গ। সাংস্কৃতিক বহুত্ববাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে সারা পৃথিবীর কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই দেশ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশের বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, “মাঝেমধ্যে একটি স্বার্থান্বেষী মহল এই ভূস্বর্গকে উত্তপ্ত করতে চায়। এই দুষ্টচক্রকে আমাদের চিহ্নিত করতে হবে।” হাজার বছর ধরে নানা ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠীর মানুষের সহাবস্থান বাংলাদেশে যে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে তুলেছে, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ঈদ, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা, বৈসাবি ও বড়দিনে সব ধর্মের মানুষ একে অপরের আনন্দে শামিল হন। “আমরা সবাই এখানে একটি পরিবারের মতো বাস করি।”

তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সবাই মিলে এ দেশকে স্বাধীন করেছেন। ভাষা আন্দোলন, নব্বইয়ের গণ-অভ্যুত্থান কিংবা জুলাই গণঅভ্যুত্থান।সব সংগ্রামেই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।

বাংলাদেশের সংগীত-ভুবনের বর্ণিল বৈচিত্র্যের কথা তুলে ধরে তিনি বলেন, এখানে লালন, রবীন্দ্র, নজরুল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মরমি, মুর্শিদি, মাইজভান্দারি, কাওয়ালি ও বাউল গানের সহাবস্থান রয়েছে। বাউল দর্শন ও সুফিবাদের প্রভাব এ দেশের মানুষকে উদার ও মানবতাবাদী হতে শিখিয়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাট গম্বুজ মসজিদ, কান্তজীউ মন্দির ও আর্মেনীয় গির্জা প্রমাণ করে, প্রাচীনকাল থেকেই এই ভূখণ্ডে নানা সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছে।
ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব বোঝাতে গিয়ে বাসসের প্রধান সম্পাদক বলেন, “একটি ভাষা হারিয়ে গেলে শুধু কিছু শব্দ হারায় না, হারিয়ে যায় একটি জনগোষ্ঠীর পৃথিবীকে দেখার নিজস্ব পদ্ধতি। একটি লোকগান বিলুপ্ত হলে শুধু একটি সুর হারায় না, হারিয়ে যায় একটি সমাজের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।”

সাংস্কৃতিক বহুত্ববাদকে গুরুত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো যাতে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, গত জাতীয় নির্বাচনের আগে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা রূপরেখা দিয়েছিলেন, তাতে ‘রেইনবো নেশন’ বলতে এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতির রাষ্ট্রব্যবস্থাকে বোঝানো হয়েছে, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। এ ব্যবস্থায় সংখ্যাগুরু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী উভয়েরই থাকবে সমান মালিকানা, থাকবে না কোনো বৈষম্য।

কাদের গনি চৌধুরী বলেন, “সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম। এ দেশে প্রতিটি মানুষের সমান মালিকানা রয়েছে। সেই বোধ থেকেই আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বহুত্ববাদকে মর্যাদার আসনে নিয়ে যেতে হবে। বর্তমান সরকার যে রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।”

হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (এইচএমআর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।
এইচএমআরের নির্বাহী পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *