বাংলার ঐতিহ্য তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার কাজ করে যাচ্ছে: পাট প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম:

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম (এমপি) বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। তিনি বুধবার (১৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, সূতি শাড়ি, জামদানি, রেশমি শাড়িসহ বিভিন্ন তাঁতপণ্য নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে সরকার যা যা প্রয়োজন, তা করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে প্রতিষ্ঠানটি চরম অবহেলার শিকার হয়েছে। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধ করা বর্তমান সরকারের দায়িত্ব। প্রয়োজনে তাঁতিদের সমৃদ্ধ করতে সরকার সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *