মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবানের বালাঘাটা এলাকার শৈলশোভা এলাকার পেছনে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মো. আরফিন (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরফিন মো. এনামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে সাঙ্গু নদীতে গোসল করতে নামে আরফিন। গোসলের একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে গেলে তার সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।
পরে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শনিবার (২০ জুন) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, ডুবুরিদের মাধ্যমে নিখোঁজ শিশুটিকে যেন উদ্ধার করা যায় এবং আল্লাহ তায়ালা শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।
এছাড়া বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেন।
নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক, এলাকাবাসী ও প্রশাসনের সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। এদিকে সন্তানের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।