স্টাফ রিপোর্টার:
গঠনতন্ত্র ও নির্বাচনী বিধিমালা উপেক্ষা করে গোপনীয়তার মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) গঠনের অভিযোগ উঠেছে। ইউনিটের প্রায় ১ হাজার ১০০ জন আজীবন সদস্যকে অন্ধকারে রেখে এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করে মাত্র ২০-৩০ জনের উপস্থিতিতে এই ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত নির্বাচনী তফসিল পর্যালোচনা করে এতে অসংখ্য অসংগতি ও ভুল তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। তফসিলের শুরুতে ১৩ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ থাকলেও নিচের সময়সূচিতে ভোটগ্রহণের তারিখ ১০ নভেম্বর দেখানো হয়েছে। এ ছাড়া ১০ ও ১৩ নভেম্বর—উভয় দিনকেই ‘বৃহস্পতিবার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভোটগ্রহণের তারিখের ঘরে বারের নাম উল্লেখ না করে শুধু ‘১০ নভেম্বর ২০২৬, বার’ লেখা হয়েছে।
তফসিলে আরও দেখা যায়, ৫ নভেম্বর সকাল ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় নির্ধারণ করা হলেও ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের সময় দেওয়া হয়েছে একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আপত্তি নিষ্পত্তির সময় রাখা হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশের পর কীভাবে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সদস্যরা।
বিধি অনুযায়ী বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের বিষয়ে আজীবন সদস্যদের যথাযথভাবে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও ৪ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে মাত্র ছয় দিনের মধ্যে, অর্থাৎ ১০ নভেম্বর পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হয় বলে অভিযোগ উঠেছে।
একাধিক আজীবন সদস্য অভিযোগ করেন, ইউনিটে দেড় হাজারের কাছাকাছি আজীবন সদস্য থাকলেও মুষ্টিমেয় কয়েকজন ছাড়া অধিকাংশই নির্বাচনের বিষয়ে কিছু জানতেন না। কোনো ভোটগ্রহণ ছাড়াই তড়িঘড়ি করে ‘হাত তুলে’ কমিটি ঘোষণা করা হয়েছে বলে তাদের দাবি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তারা শিগগিরই সংবাদ সম্মেলন ও আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।
গত ১০ নভেম্বর সকালে বান্দরবানের মেঘলাস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল কুদ্দুস, নির্বাচন কমিশনার হিসেবে মোনায়েম চৌধুরী ও মোহাম্মদ মুসা এবং নির্বাচন কমিশন সচিব হিসেবে ইউনিট অফিসার আসাদুল হায়দার চৌধুরী দায়িত্ব পালন করেন।
এতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মোহাম্মদ মজিবুর রশিদ ভাইস চেয়ারম্যান, দৌলতুর কবির খান সিদ্দিকী সেক্রেটারি এবং মোজাম্মেল হক লিটন, সাবিকুর রহমান জুয়েল, হাবিবুর রহমান ভূঁইয়া, উম্মে কুলসুম সুলতানা লিনা ও আবুল বাশার নয়ন সদস্য নির্বাচিত হন।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিট অফিসার আসাদুল হায়দার চৌধুরী জানান, হেড অফিস থেকে ১১ নভেম্বরের মধ্যে সব জেলার নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় বিশেষ সাধারণ সভার মাধ্যমে নির্বাচন শেষ করা হয়েছে। দুটি স্থানীয় ও একটি অনলাইন পত্রিকায় নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তফসিলে তারিখের গরমিল থাকলেও নির্বাচন ১০ নভেম্বরেই হওয়ার কথা ছিল বলে জানান তিনি।
অন্যদিকে, জেলা পরিষদের চেয়ারম্যান এবং পদাধিকারবলে ইউনিট চেয়ারম্যান ও আজীবন সদস্য হওয়া সত্ত্বেও নির্বাচন সম্পর্কে কিছুই জানেন না বলে বিস্ময় প্রকাশ করেছেন মামাচিং। তিনি জানান, নির্বাচন কিংবা কমিটি গঠন সম্পর্কে তাকে কোনো তথ্য দেওয়া হয়নি।