আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে তাকে নোটিশ দিয়েছে মুম্বাই পুলিশ।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অভিনেতা ইমরান খানের সঙ্গে অংশ নেন তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জেইন মেরি খান। বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের তিনজনকে আটক করে।
প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারতের নাগরিক না হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার কারণে অভিবাসন আইনের আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
এর আগে বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়া ইমরান খানকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অভিনেতাকে অবিলম্বে তার নিজ দেশে ফেরত পাঠানো উচিত। পাশাপাশি, একজন বিদেশি নাগরিকের রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান নিজেই তার মার্কিন নাগরিকত্বের কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ভারতীয় পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন এবং এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে।
ইমরান আরও বলেছিলেন, নিজের দেশের সেবা করা তার দায়িত্ব বলে তিনি মনে করেন। ভারতীয় নাগরিক না হওয়ায় সেখানে ভোট দিতে পারেন না। তবে ভোটের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার চেষ্টা করেন। তিনি নিজেকে ভারতের সমাজেরই একজন অংশ বলে মনে করেন বলেও জানিয়েছিলেন।
বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে ইমরান সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সেখানে যাননি। মুম্বাইয়ের একজন বাসিন্দা হিসেবে নিজের অবস্থান থেকে বিক্ষোভে অংশ নিয়েছেন।
তিনি বলেন, ‘আমার কোনো দাবি নেই। আমি এখানে এসেছি একজন নাগরিক হিসেবে, এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে।’
চলাফেরার স্বাধীনতার ওপর বিধিনিষেধ এবং মানুষের কণ্ঠরোধের চেষ্টা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা। তার বক্তব্য, কোনো সংগঠনের সদস্য হিসেবে নয়, নিজের নাগরিক পরিচয় থেকেই তিনি বিক্ষোভে যোগ দিয়েছিলেন।
গত ১০ অক্টোবর সন্ধ্যায় আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে তোলা একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইমরান। ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘দেখে মনে হচ্ছে, আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে!’