অনলাইন ডেস্ক: বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্সের শর্ত লঙ্ঘন এবং বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে দেশের ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার (১৯ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রিক্রুটিং এজেন্সির অনুমোদন ও লাইসেন্সের শর্ত ভঙ্গ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩-সহ বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্রও দাখিল হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারা অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটালস এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, হায়দরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, ফোর সাইট ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ, মদিনা ওভারসিজ, নিউ এজ ইন্টারন্যাশনাল, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, জান্নাত ওভারসিজ, রুবেল বাংলাদেশ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালট্যান্সি, স্নিগ্ধা ওভারসিজ, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড এবং অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সিসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান।
সরকারের এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো আর বিদেশে জনশক্তি পাঠানোর কার্যক্রম পরিচালনা করতে পারবে না। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের রিক্রুটিং এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।