বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য অবমাননার অভিযোগ, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ভাস্কর্যে জুতার মালা ঝোলানো অবস্থায় দেখা যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, ঝিনাইদহের কৃতী সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পুরো দেশের গর্ব। মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে তিনি বীরত্বের ইতিহাস সৃষ্টি করেছেন। এর আগে তাঁর নামে নির্মিত ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে। আবার ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঝিনাইদহের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে ভাস্কর্যে জুতার মালা ঝোলানো দেখতে পান। পরে সেটি অপসারণ করা হয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, বারবার ভাস্কর্যটির ওপর হামলার ঘটনা ঘটছে। তাঁর অভিযোগ, কোনো একটি গোষ্ঠী পূর্বপরিকল্পিতভাবে ভাস্কর্যে হামলা, ভাঙচুর ও সর্বশেষ জুতার মালা পরানোর ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাতে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করা হবে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি আলোচনা সভা করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে নির্মিত ভাস্কর্য অপসারণের কাজ শুরু হয়। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ঝিনাইদহ পৌরসভা এ কাজ শুরু করে। ওই সময় ভাস্কর্য নির্মাণ-সংক্রান্ত প্রকল্পের মূল ফাইল খুঁজে না পাওয়ার বিষয়টিও সামনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *