ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৮ নেতাকে দল থেকে বহিষ্কার

শেখ শরীফুল ইসলাম:

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও নবীনগর উপজেলা বিএনপির ৮ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে দলের হাইকমান্ড।

০৫/০২/২০২৬ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়।

বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন— জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী, আবু ছায়েদ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাইনুদ্দিন মাইনু, এ. কে. এম. হাবিবুর রহমান খায়ের, নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল মোল্লা, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও নবীনগর পৌর বিএনপির সাবেক সহসভাপতি মোবারক ভূঁইয়া।

উল্লেখ্য, বহিষ্কৃত এই ৮ নেতা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির বহিষ্কৃত জেলা অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

এছাড়াও উক্ত বহিষ্কারাদেশে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা জেলার মোট ১১ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *