মোঃ আরাফাত হোসেন (বনি):
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ঢাকা ইউনিটের ‘প্রকাশ’ প্রকল্পের আয়োজনে এবং ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’-এর পৃষ্ঠপোষকতায় এক ‘আইনি সচেতনতা ক্যাম্পেইন এবং যুগল মেলা’ অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যাস্থ হায়েত আলী কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা, কানাডা ও সুইজারল্যান্ড দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক হায়েত আলী ভান্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ব্লাস্ট ঢাকা ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পদ্মকুঁড়ি হিজড়া সংঘের সাধারণ সম্পাদক মোঃ মিজানুল হক মিতু। এছাড়া আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন পদ্মকুঁড়ি হিজড়া সংঘের সহ-সভাপতি শাহরিয়ার শাওন, ব্লাস্ট ঢাকা ইউনিটের প্যানেল আইনজীবী শাহানা আক্তার এবং ব্লাস্ট ঢাকা ইউনিটের জুনিয়র স্টাফ ল’ইয়ার কামরুন্নাহার বিলকিস কনা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন পদ্মকুঁড়ি হিজড়া সংঘের সাধারণ সদস্য খন্দকার পারভেজ কাজল। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইন ও মেলায় স্থানীয় জনগণের মাঝে আইনি অধিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শনী এবং আইনি পরামর্শ প্রদান করা হয়।

সভায় আগত প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত হিজড়া, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে আইনগত সহায়তাসহ নারী অধিকারবিষয়ক আইন—যেমন পারিবারিক আইন, যৌতুক আইন, শ্রম আইন এবং নারী ও শিশু নির্যাতন আইন নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি হায়েত আলী ভান্ডারী বলেন, “যারা অসহায়, দরিদ্র এবং অর্থের অভাবে আইনের সুবিধা থেকে বঞ্চিত, তারা ব্লাস্টের মাধ্যমে আইনগত পরামর্শ ও সহায়তা নিতে পারবেন।”

বিশেষ অতিথি হিসেবে মোঃ মশিউর রহমান বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে অর্থের অভাবে এবং আইন না জানার কারণে তাদের অধিকার থেকে বঞ্চিত না হন, সেজন্যই ব্লাস্টের এই আইনি সহায়তা ক্যাম্পেইনের আয়োজন। ব্লাস্টের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ এবং সহায়তা পাওয়া যাবে।”
প্রধান আলোচক মোঃ মিজানুল হক মিতু বলেন, “আমাদের দেশের বেশিরভাগ সুবিধাবঞ্চিত মানুষই আইনি সহায়তা সম্পর্কে জানেন না। আজকের কার্যক্রমের মূল উদ্দেশ্যই হচ্ছে আইনি সহায়তা সম্পর্কে জানানো এবং পরামর্শ দেওয়া, যাতে আপনারা নির্যাতিত হলে বা মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে ব্লাস্টসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার সহায়তা নিতে পারেন।”
উক্ত সচেতনতা ক্যাম্পেইন ও মেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্লাস্টের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিকেলে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।