অনলাইন ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনে বিচারাধীন ও পলাতক আসামি হওয়ায় আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠি শুধু তাকে ফেরত চাওয়ার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে।
ভারতের প্রতিক্রিয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, চিঠি পাঠানোর পর এখন তাদের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে ভারত এবং দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহযোগিতা করবে।