অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কনস্যুলার কর্মকর্তাদের কাছে তথ্য থাকতে পারে। তাই সাক্ষাৎকারে ভুল বা অসত্য তথ্য দিলে গুরুতর পরিণতি হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা আগে থেকেই অবগত থাকতে পারেন। এ কারণে কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর তথ্য না দিয়ে সত্য তথ্য দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।