মদনপুর গেস্টহাউজে সেনাবাহিনীর অভিযান, নারীসহ ৬ জন আটক

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ বন্দরে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মদনপুর গেস্টহাউজে অভিযান চালিয়ে এক নারীসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। আটককৃতদের মধ্যে গেস্টহাউজের দুইজন কর্মচারীও রয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল মদনপুর গেস্টহাউজে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গেস্টহাউজে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গেস্টহাউজ কর্মচারী ইউনুস মোল্লার ছেলে আসিব মোল্লা (২১), জাকির হোসেন মিয়ার ছেলে রাকিব (২০), সোনারগাঁ থানার নানাকি পঞ্চমিঘাট এলাকার মতিউর রহমানের মেয়ে মিম আক্তার (২৫), কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ী এলাকার রবিন শেখের ছেলে মামুদ রানা (৩৪), একই এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার ছেলে সবুজ (৩২) এবং বটেরকান্দী এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে কাইয়ুম (২২)।

অভিযান শেষে আটককৃতদের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর দল বন্দর থানায় সোপর্দ করে। পরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বন্দর থানা পুলিশ তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করে।

স্থানীয় এলাকাবাসী জানান, মদনপুর গেস্টহাউজে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ বেড়ে চলছিল। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী বহিরাগতদের অবাধ যাতায়াত স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

বন্দর থানা সূত্রে জানা গেছে, গেস্টহাউজটিতে নিয়মিত অসামাজিক কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের প্রত্যাশা, এই অভিযানের মাধ্যমে এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং ভবিষ্যতে এমন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন আরও কঠোর ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *