আন্তর্জাতিক ডেস্ক:
ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুথিরা।
সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছে জোটটি।
জোটের দাবি, হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফর্মার অকেজো হয়ে গেলেও মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। হামলায় ব্যবহৃত ড্রোন পরীক্ষা করে হুথিদের হামলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে সৌদি জোট।
তবে হুথিদের একটি সূত্র বার্তাসংস্থা সাবাকে দেওয়া বক্তব্যে সৌদি জোটের এ অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, এর আগে মক্কায় হামলার চেষ্টার অভিযোগও হুথিদের বিরুদ্ধে তুলেছিল সৌদি আরব। সেটি সফল না হওয়ায় এবার মদিনায় হামলার অভিযোগ তোলা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুথিরা কাবা শরীফ ও মসজিদে নববীতে হামলা চালানোর চেষ্টা করছে এবং মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা সেই পরিকল্পনার অংশ। মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা তৈরির উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছে জোটটি।
দুই পবিত্র স্থান রক্ষায় যেকোনো মূল্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।