মোঃ আনজার শাহ
কুমিল্লার বরুড়া উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের প্রচেষ্টায় উপজেলার চারটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (সিডিডব্লিউএসপি, দ্বিতীয় সংশোধিত) আওতায় অনুমোদিত চারটি প্যাকেজের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ২৯ লাখ ১২ হাজার ৯৩৬ টাকা। প্রতিটি প্যাকেজের কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে ১৮ মাস।
এলজিইডির অনুমোদন ও বাস্তবায়ন পরিকল্পনা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরকারি নথি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে নির্ধারিত শর্তাবলি অনুসরণ করে দরপত্র আহ্বান ও কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্যাকেজগুলো অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত প্রকল্পের আওতায় বিজরা বাজার থেকে রহিমানগর সড়ক এবং চিতোষী রেলস্টেশন থেকে বরুড়া সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রশস্ত ও শক্তিশালী করা হবে। সড়কগুলোর গুরুত্বপূর্ণ অংশে আরসিসি ঢালাই এবং বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রীর প্রচেষ্টায় উন্নয়নের নতুন সম্ভাবনা
বরুড়ার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে মন্ত্রীর উদ্যোগ ও প্রচেষ্টায় এই প্রকল্পের অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের মাধ্যমে জনসাধারণের যাতায়াত সহজ, পণ্য পরিবহনে সময় ও ব্যয় হ্রাস এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতা—এমন লক্ষ্য নিয়েই প্রকল্পটি এগিয়ে নেওয়া হচ্ছে।
বিশেষ করে বরুড়ার প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে উপজেলা সদর ও আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
বরুড়া উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, “গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে বরুড়ার গুরুত্বপূর্ণ চারটি সড়ক উন্নয়ন প্রকল্পের প্রাথমিক অনুমোদন পাওয়া গেছে। এটি উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি।”
তিনি আরও বলেন, “প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়ন এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেব।”
বরুড়া একটি কৃষিনির্ভর জনপদ। উপজেলার বিভিন্ন অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে উন্নত যোগাযোগব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সড়কগুলো প্রশস্ত ও শক্তিশালী হলে কৃষকরা সহজে তাঁদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারবে।