মো. আনজার শাহ:
জননেতা মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্রান্তে দোয়া, মুনাজাত ও ইফতার বিতরণের আয়োজন করা হয়। গত ১২ মার্চ অনুষ্ঠিত এই কর্মসূচিতে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন জননেতার কন্যা রিতা রহমান।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নুর আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জননেতা মশিউর রহমান যাদু মিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ। তিনি বলেন, জননেতা মশিউর রহমান যাদু মিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী ও আপসহীন নেতা। তিনি সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সোচ্চার ছিলেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
নুর আহমদ আরও বলেন, যাদু মিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও দেশপ্রেম আজও জাতির জন্য অনুকরণীয়। তাঁর জীবন ও আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং সঠিক পথ দেখাবে। তিনি বলেন, যাদু মিয়ার আদর্শকে ধারণ করেই আমাদের একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় সম্মিলিত মোনাজাত করা হয়।