অনলাইন ডেস্ক:
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—এমন খবর প্রকাশের পর উদ্বেগ প্রকাশ করেছে সামরিক জোট ন্যাটো। একই সঙ্গে মহাকাশ থেকে আসা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুতে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থানের কথা জানান।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একটি গোয়েন্দা প্রতিবেদন আদান-প্রদান হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে রাশিয়া মহাকাশে অস্ত্রবাহী একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। তবে গোয়েন্দা প্রতিবেদনটি কোন দেশ তৈরি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর এবং দৈনিক জ্যুডডয়চে জাইতুং নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে, সম্ভাব্য স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড থাকার অভিযোগ রয়েছে। যোগাযোগ ও নজরদারিতে ব্যবহৃত অন্যান্য স্যাটেলাইট অকার্যকর বা ধ্বংস করার উদ্দেশ্যে এটি ব্যবহার করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুতে বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় জোটটি প্রতিশ্রুতিবদ্ধ। মহাকাশের নিরাপত্তা রক্ষার বিষয়টিও এর অন্তর্ভুক্ত।
তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর হাতে বিভিন্ন ধরনের বিকল্প ব্যবস্থা রয়েছে। জোটটি নিয়মিত প্রতিরক্ষাব্যবস্থা মূল্যায়ন করে এবং প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রাশিয়ার সম্ভাব্য এ পরিকল্পনার খবর নিশ্চিত কিংবা অস্বীকার করেননি। তবে তিনি বলেন, রাশিয়া উত্তেজনা কোন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত, এসব খবর থেকে তা স্পষ্ট বোঝা যায়।
মের্ৎস আরও বলেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র নেওয়ার পরিকল্পনা করছে—এমন খবর নতুন নয়। বিষয়টি উদ্বেগজনক।
অন্যদিকে, রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে প্রকাশিত খবরকে গুরুত্ব দিতে রাজি হননি। তিনি বলেন, এ-সংক্রান্ত কোনো সংবাদ তাঁর নজরে আসেনি। অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশিত এসব খবরকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসও জার্মান সংবাদমাধ্যমের কাছে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের ভাষ্য, অভিযোগগুলো ভিত্তিহীন এবং অপপ্রচার।
উল্লেখ্য, ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্রসহ গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। রাশিয়াও এ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ। তবে মহাকাশে সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিপক্ষের স্যাটেলাইট লক্ষ্যবস্তু করার প্রযুক্তি নিয়ে বিভিন্ন দেশের তৎপরতা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে রয়েছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক ওয়ারহেডযুক্ত স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ তুলেছিল। তবে মস্কো সে অভিযোগ অস্বীকার করে। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরোধিতা করে নিজেদের অবস্থান তুলে ধরেছিলেন।
তবে রাশিয়ার নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিয়ে প্রকাশিত সর্বশেষ গোয়েন্দা তথ্যের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।