Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মহেশখালীর গহীন জঙ্গলে অস্ত্রভান্ডার, কোস্ট গার্ডের অভিযানে মিন্টু বাহিনীর প্রধান গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

মহেশখালীর গহীন জঙ্গলে অস্ত্রভান্ডার, কোস্ট গার্ডের অভিযানে মিন্টু বাহিনীর প্রধান গ্রেপ্তার

কামরুল ইসলাম:

কক্সবাজারের মহেশখালীর গহীন পাহাড়ে অবস্থিত অস্ত্র তৈরির কারখানায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান ইমাম হোসেন মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের মহেশখালী থানাধীন হোয়ানকের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র গোপনে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছে। চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে স্থানীয় জনগণকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালীর সমন্বয়ে উক্ত এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ৫টি দেশীয় একনলা বন্দুক, ৯টি দেশীয় পিস্তল, ১টি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকে আটক করা হয়।

আটক সন্ত্রাসী ইমাম হোসেন মিন্টু (৩৮) কক্সবাজারের মহেশখালী থানার হোয়ানক ইউনিয়নের কেরুনতলীর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসী ‘মিন্টু বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। উল্লেখ্য, তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। জব্দকৃত আলামত ও আটক সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *