মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত বন্ধু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের চাপায় রিওন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু নাফিজ আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু নাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মোবাইল ফোন কিনতে কালীগঞ্জে যান রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী সোহেল রানা জানান, মহেশপুর থেকে কোটচাঁদপুরের দিকে যাওয়ার পথে কাটাখালী এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হতে দেখেন তিনি। এতে ট্রাকের চাপায় এক যুবক নিহত হন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *