মাগুরায় জমি নিয়ে বিরোধে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ আটক ২ নারী

নিজস্ব প্রতিবেদক:

মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাই ও ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির জমি নিয়ে মঙ্গলবার সকালে মাসুদ রানার সঙ্গে তাঁর বড় ভাই সিদ্দিকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সিদ্দিকের শ্বশুরবাড়ি একই গ্রামে হওয়ায় খবর পেয়ে তাঁর শ্বশুর নূর আলী (৬০) ও চাচা শ্বশুর আখের আলী (৫৫) ঘটনাস্থলে আসেন। পরে তাঁদের সঙ্গে মাসুদ রানার কথা-কাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে সিদ্দিকের স্ত্রী কাকলি (৩৫), মাসুদ রানার ছোট ভাইয়ের স্ত্রী সেতু (২৫), নূর আলী ও আখের আলী বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে মাসুদ রানাকে মারধর করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মাসুদ রানার স্ত্রী ও আশপাশের লোকজন তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁরাও মারধরের শিকার হন।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মাসুদ রানাকে নাঘোসা বাজারের একটি ফার্মেসিতে পল্লিচিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে পল্লিচিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন। এ সময় দুই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই নারীকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নাঘোসা গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *