মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ মামলা: সাবেক এডিসি জাফর কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

আব্দুল গফুর:

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের বহুল আলোচিত দুর্নীতি মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। আগামী ৩০ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। এর মধ্য দিয়ে এক দশকের বেশি সময় ধরে চলা আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, এ মামলায় মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তবে হাইকোর্টের আদেশে ১৯ আসামির বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে। বাকি ১৫ আসামির বিরুদ্ধে আদালতে ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। সব কার্যক্রম শেষে আদালত আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন।

মঙ্গলবার মামলার ধার্য তারিখে ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন আদালতে উপস্থিত হন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ বাকি ১০ আসামি আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার নথি ও দুদকের তদন্ত সূত্রে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ীতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪১৪ একর জমির ওপর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, বসতবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, অধিগ্রহণ করা জমিতে অস্তিত্বহীন ২৫টি চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে বিভিন্ন কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দেন।

পরবর্তী সময়ে দুদকের তদন্তে এ ঘটনায় ৩৬ জনের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। ২০১৭ সালের ৩ এপ্রিল ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলায় এর আগেও সাবেক জেলা প্রশাসক ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক কারাগারে গিয়েছিলেন। এবার রায় ঘোষণার আগে নতুন করে সাবেক এডিসি জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ এবং সাবেক ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় মামলাটি আবারও আলোচনায় এসেছে।

আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার মধ্য দিয়ে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত এ মামলার বিচারিক নিষ্পত্তি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *