কামরুল ইসলাম:
একসময় চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকা মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অস্ত্র ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিল বলে স্থানীয়দের মধ্যে ধারণা প্রচলিত ছিল। তবে বর্তমানে ধারাবাহিক পুলিশি অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে এনে এলাকাটিকে একটি নিরাপদ ও জনবান্ধব থানায় পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে চাঁন্দগাঁও থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, অস্ত্র কারবারি এবং বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে ওসি তদন্ত সবুজ-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিমও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, চলতি মাসে অন্তত ১০টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৮৭ জন বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের। একই সঙ্গে অপরাধপ্রবণ বিভিন্ন স্পট ও আবাসিক হোটেলেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
ওসি জসিম উদ্দিন বলেন, “আল্লাহর রহমতে এবং জনগণের সহযোগিতায় আমি চাঁন্দগাঁও থানাকে একটি আধুনিক, নিরাপদ ও আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অস্ত্র ব্যবসা এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।”
তিনি আরও বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি নীতি অনুসরণ করছি—এই থানায় হয় অপরাধীরা থাকবে, না হয় আমি থাকব। অপরাধীদের জন্য কোনো ধরনের ছাড় নেই। চান্দগাঁওকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকায় পরিণত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
পুলিশের দাবি, নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের ফলে এলাকায় অপরাধের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে মাদক বিক্রি, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ ছাড়া জঙ্গিবাদ প্রতিরোধেও চান্দগাঁও থানা পুলিশ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করছে। পুলিশের মতে, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, সাম্প্রতিক সময়ে পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে অপরাধীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। রাতের বেলায় টহল বৃদ্ধি, সন্দেহভাজনদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং মাদকবিরোধী কার্যক্রমের ফলে এলাকায় নিরাপত্তাবোধ আগের তুলনায় বেড়েছে।
চান্দগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করে চাঁন্দগাঁও থানাকে চট্টগ্রাম মহানগরের অন্যতম মডেল থানা হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।