মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না : এমপি কে এম বাবর

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. কে এম বাবর বলেছেন, ‘আমার পরিবারের কেউও যদি মাদকে জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে। যারা নিয়মিত মাদক সেবন করে, বিক্রি করে, তাদের বলে দেবেন— মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই।’

রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মাঝিগাতি ইউনিয়ন থেকেই মাদক নির্মূলের কাজ শুরু করতে চাই। ইতোমধ্যেই মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। আমার ইউনিয়ন থেকে ৪ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। মাদক সম্পর্কে আপনারা সচেতন হন, আপনার সন্তানকে বাঁচান। মাদক প্রতিরোধে আমি আপনাদের সঙ্গে আছি।’

কে. এম বাবর মাঝিগাতী দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয়কে নিজের বিদ্যালয় বলে উল্লেখ করে বলেন, ‘এ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। এটি আমার বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার, আমি তা করবো। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সমন্বয়ে বিদ্যালয়টিকে জেলার মধ্যে অন্যতম বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সঞ্চালনা করেন সহকারী শিক্ষক উত্তম মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ সমাজসেবক কাজী আবুল হোসেন, মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ আলী খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামাল হোসেন খান ও প্রাক্তন ছাত্র মো. মহব্বত আলী খান।

এ মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *