লেখক:-
মু. নজরুল ইসলাম তামিজী
মানুষেরা ভীষণ ব্যস্ত, স্বার্থেরই কারবারে
পরের দোষে অণুবীক্ষণ, নিজের ভুল আঁধারে।
প্রতারণার দাবার ছকে বিশ্বাস হয় ক্ষয়
মুখোশ পরে চলতে জানে, মুখোমুখি নয়।
মানুষেরা ভীষণ ব্যস্ত, সম্পদের পাহাড় গড়ে
সম্পর্কের শিকড় কাটে স্বার্থের হিসাব ধরে।
পরকে ঠকায় কৌশলে, সত্য রাখে আড়াল
বিবেকহীন হৃদয়জুড়ে অন্ধকারের জাল।
মানুষেরা ভীষণ ব্যস্ত বিবেক বিসর্জনে
জনতার স্বপ্ন বন্দি থাকে ক্ষমতার শাসনে।
প্রতিশ্রুতির রঙিন বেলুন আকাশজুড়ে ওড়ে
জবাবদিহির দুয়ার বন্ধ, সত্য নির্বাসনে পড়ে।
মানুষেরা ভীষণ ব্যস্ত, ইতিহাসের কারিগর
সত্যকে দেয় ক্রুশবিদ্ধ, মিথ্যা পায় রাজস্বর।
ন্যায়ের নামে মঞ্চ সাজায়, অন্যায় চলে পালে
মানবতা আজ বন্দি কেবল বিজ্ঞাপনের জালে।
মানুষেরা ভীষণ ব্যস্ত, উৎসবের আয়োজনে
মৃতের জন্য অশ্রু ঝরায় ক্যামেরার প্রদর্শনে।
জীবিতের আর্তনাদ হারায় অবহেলার সুরে
মানবপ্রেমের সাইনবোর্ড ঝোলে শূন্য ঘরে।
মানুষেরা ভীষণ ব্যস্ত, প্রযুক্তিরই নেশায়
ভার্চুয়াল নক্ষত্র খোঁজে কৃত্রিম ভালোবাসায়।
হাজার বন্ধু স্ক্রিনে জ্বলে, হৃদয় থাকে একা
বার্তা আসে মুহূর্তে, অনুভূতি থাকে ফাঁকা।
মানুষেরা ভীষণ ব্যস্ত, ধর্মের পরিচয়ে
উপাসনার প্রদীপ জ্বলে, মানবিকতা ক্ষয়ে।
পুণ্যের খাতা পূর্ণ করে, অধিকার দেয় না
ধর্মের নামে মানুষ চিনে, মানুষ চিনতে জানে না।
মানুষেরা ভীষণ ব্যস্ত, জীবন সাজায় রঙে
মৃত্যুর ছায়া পিছু হাঁটে প্রতিটি ক্ষণ-সঙ্গে।
সময়কে জয় করতে গিয়ে সময়ের কাছেই হার
পৃথিবী জয়ের নেশায় হারায় আত্মীয়-পরিবার।
মানুষেরা ভীষণ ব্যস্ত, স্বপ্ন বোনার ঘোরে
কেউ সেই স্বপ্ন ভেঙে দেয় নিষ্ঠুর আঘাত করে।
কেউ মুক্তির দ্বার খুলে দেয়, কেউ গড়ে কারাগার
একই পৃথিবী, বিপরীত পথে মানুষের সংসার।
মানুষেরা ভীষণ ব্যস্ত সুখের সন্ধান করে
শান্তি নামের মরীচিকা তাড়া করে মরে।
হৃদয় কেন বিচ্ছিন্ন দ্বীপ, সম্পর্ক কেন ক্ষয়
জীবন শেষে শূন্য হাতে কিসের এত জয়?
মানুষেরা ভীষণ ব্যস্ত বেঁচে থাকার অভিনয়ে
কৃত্রিম আলোর মায়াজাল বোনে প্রতিদিন আয়োজনে।
পৃথিবী জয়ের নেশায় ভুলে পৃথিবীর বেদনা
আয়নার ভিড়ে হারিয়ে ফেলে নিজের ঠিকানা।
মানুষেরা ভীষণ ব্যস্ত, গন্তব্য অজানা
আলোকময় নগরজুড়ে অন্ধকারের ঠিকানা।
দিন ফুরোয়, আয়ু ফুরোয়, নিঃশেষিত ক্ষণ
ব্যস্ততার বলি হয়ে হারায় মানবমন।
মানুষেরা ভীষণ ব্যস্ত, মানুষ হওয়ার দায়
মানুষ খোঁজে মানুষকে, মানুষ হারায় মায়ায়।
সভ্যতার এই আলোকমালায় অন্ধকারের বাস
জীবনজুড়ে আয়োজন, অথচ জীবনই সর্বনাশ।
মানুষেরা ভীষণ ব্যস্ত, শেষ বিকেলের হিসাব মেলায়
জীবনভর জয়ের নেশায়, পরাজয়ের ছায়ায়।
পৃথিবী জয়ের ইতিহাসে অহংকারের জয়
সভ্যতার সব সনদ শেষে মানুষই পরাজিত হয়।
১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ
২২/১, তোপখানা রোড
ঢাকা।