লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সাকিব মন্ডল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মায়ের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মায়ের মৃত্যুর শোক থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাকিব মন্ডল ওই গ্রামের মো. কামাল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সাকিব নিজ শয়নকক্ষে ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রী পূর্ণিমা খাতুন (১৮) রান্না শেষে ঘরে প্রবেশ করে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সাকিবের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সাকিবের মা বাছিরা বেগম প্রায় সাত মাস আগে মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর স্ত্রী পূর্ণিমা খাতুন জানান, মায়ের মৃত্যুর পর সাকিব মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং অস্বাভাবিক আচরণ করতেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।