নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিউচুয়াল ফান্ডের দামে ঊর্ধ্বগতির প্রভাবে লেনদেন বেড়েছে। তবে বড় মূলধনের অনেক কোম্পানির শেয়ারের দাম কমায় বাজারে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে, যদিও লেনদেন কমেছে।
ডিএসইতে দিনের শুরুতেই একাধিক মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বোচ্চ মূল্যসীমায় পৌঁছে যায়। দিন শেষে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৫টির। ৩২টি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে মাত্র একটির।
দিন শেষে ডিএসইএক্স সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৫ পয়েন্টে দাঁড়ায়। তবে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ২১৩ এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৯২ পয়েন্টে নেমে আসে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ২১৪ কোটি ১৯ লাখ টাকা বেশি। সবচেয়ে বেশি ৪১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের। এরপর রয়েছে এসিআই ফর্মুলেশনস ও এশিয়াটিক ল্যাবরেটরি।
অন্যদিকে, সিএসইতে সার্বিক মূল্যসূচক ৩৩ পয়েন্ট বেড়েছে। সেখানে ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৬টির কমেছে এবং ৩৪টির দাম অপরিবর্তিত ছিল। তবে লেনদেন কমে দাঁড়িয়েছে ৯ কোটি ৮২ লাখ টাকা।